ফজলুল পলাশের বই অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্রের মোড়ক উন্মোচন

কবি, কথাসাহিত্যিক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ফজলুল পলাশের নতুন বই ‌‘অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র’র প্রকাশনা মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মোড়ক উন্মোচন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.সাজ্জাদ হোসেন। 

সংযোগ প্রকাশনার প্রধান নির্বাহী কাদের বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখকের সহধর্মিণী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক তানজিলা শবনম এবং রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুভূতি জানিয়ে লেখক ফজলুল পলাশ বলেন, আমি বই পড়তে, লিখতে এবং কিনতে ভালোবাসি। আমার লেখা প্রতিটা বই আমার কাছে সন্তানের মতো। অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পসমগ্র বইটি প্রকাশ করায় প্রকাশককে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি বইটি পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে।