চোট নিয়ে খেলেছেন সাকিব! 

চোখে সমস্যা দেখা দেওয়ার পর থেকেই ব্যাটিংয়ে ধুঁকছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নিয়মিত দলকে বোলিং আক্রমণে সহায়তা করে আসছেন তিনি। তবে ভারতের বিপক্ষে চলমান চেন্নাই টেস্টে বল হাতে বেশ মলিন দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয় এই টেস্টের প্রথম ইনিংসে বল হাতে এসেছেন ৫৩তম ওভারের শেষে যদিও দ্বিতীয় ইনিংসে ১০ ওভার পরেই এসেছেন। তবে নিয়মিত যেমন বল হাতে তিনি ধারাবাহিক কিংবা আক্রমণাত্মক দেখা যায় তেমনটা তাকে চেন্নাইয়ে দেখা যাচ্ছে না বোলিংও করেছেন কম। 

ম্যাচের তৃতীয় দিন এসে জানা গেল এর পেছনের কারণ। হাতে চোট নিয়ে খেলছেন সাকিব। যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। চোটে থাকার পরও কোন তিনি দলে খেলছেন তা নিয়ে জন্ম নিয়েছে নতুন প্রশ্ন। যদিও দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিবের এই চোটের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এই বিষয়টি নিয়ে আমি অবগত না। তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না।' 

পাকিস্তানে ঐতিহাসিক চলতি মাসে সবশেষ কাউন্টি ক্রিকেটেও দলের সব থেকে বেশি ওভার ও ভালো বোলিং করেছেন তবে ভারত সিরিজে তেমনটি দেখা যাচ্ছে না। বল হাতে কেমন যেন অচেনা সাকিবকে দেখা যাচ্ছিল। হয়েছেটা কি, সবাই খুঁজছিল উত্তর যা বের করে এনেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও চলমান টেস্টের ধারাভাষ্যকার মুরালি কার্তিক। গতকাল চেন্নাইয়ে তৃতীয় দিনের শুরু হওয়ার আগে সাকিবের সঙ্গে কথা বলেছেন তিনি। আর তখনই তিনি জানতে পেরেছেন কারণ। ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় কার্তিক জানিয়েছেন সাকিবের সঙ্গে তার কি নিয়ে কথা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে...সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি।' 

এ সময় সাকিবের বোলিং আঙুলে (তর্জনি) অস্ত্রোপচার করানো হয়েছে এবং তা ফুলে গেছে জানিয়ে কার্তিক আরও বলেন, 'তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ঐ আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।' অর্থাৎ টাইগাররা ভারতের বিপক্ষে কার্যত চার জন প্রথম সারির বোলার নিয়ে খেলছে। কেননা সাকিব রয়েছেন অস্বস্তিতে। 

এদিকে কার্তিক এমন তথ্য প্রকাশ্যে আনার পর ধারাভাষ্যে থাকা টাইগার ওপেনার তামিম ইকবাল টিম ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। তাদের সমালোচনা করে তিনি বলেন, 'কার্তিক যা বললেন, সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ কার্যত চার জন প্রথম সারির বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের তো এটা জানার কথা! অবশ্যই এই ব্যাপারটি তাদের দেখা উচিত।' 

গেল মাস থেকে খেলার মধ্যেই রয়েছেন সাকিব। পাকিস্তানে টেস্ট সিরিজ খেলেই কাউন্টি ক্রিকেটে একটা ম্যাচ খেলতে ইংল্যান্ডে গেছেন। পাকিস্তানে টেস্ট সিরিজ শেষ হয়েছে ৩ সেপ্টেম্বর। সাকিবের ইংল্যান্ড পৌঁছাতে পৌঁছাতে দেড়-দুই দিন লেগে যাওয়ার কথা। ১২ সেপ্টেম্বর মাঠে নেমে গেছেন সমারসেটের বিপক্ষে সারের হয়ে। সেই ম্যাচ শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর, যে ম্যাচে সাকিব দুই ইনিংসে বোলিং করেছেন প্রায় ৬৪ ওভার। উইকেট নিয়েছেন ৯টি। 

ম্যাচ শেষ করেই বিমানে উঠে ১৭ সেপ্টেম্বর রাতে চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এর মধ্যে তার কোনো সম্প্রতি অস্ত্রপচার হওয়ার খবর জানা যায়নি। সবশেষ গেল বছর ওয়ানডে বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁহাতির তর্জনি ভেঙে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে না খেলে সাকিব দেশে ফিরে আসেন।