কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে অর্ধশত ঝুঁকিপূর্ণ বাঁক!

কাপ্তাই উপজেলা থেকে রাঙ্গামাটি জেলা সদরে যাতায়াতের জন্য দুটি সড়ক পথ রয়েছে। এর একটি হলো বরইছড়ি-ঘাগড়া হয়ে রাঙ্গামাটি যাতায়াতের। অপরটি হলো কাপ্তাই নতুন সড়ক বড়াদম হয়ে রাঙ্গামাটি যাতায়াতের। বরইছড়ি-ঘাগড়া পথের দূরত্ব হলো ২৮ কিলোমিটার। অপর সড়ক কাপ্তাই-বড়াদম-রাঙ্গামাটির দূরত্ব ২৫ কিলোমিটার। এই দুটি সড়ক পথের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় অর্ধশত ঝুঁকিপূর্ণ বাঁক। এর মধ্যে ৯টি বাঁক রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ বাঁককে ভয়ঙ্কর বাঁক হিসেবে অনেকে মন্তব্য করেছেন। এসব ভয়ঙ্কর বাঁকে বাস, ট্রাক, মাইক্রো, জিপ, কারসহ প্রতিদিন শতশত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিজিবির অনেক বড় গাড়িও এসব সড়ক পথে নিয়মিত চলাচল করে থাকে। তবে সড়কের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর বাঁকগুলোতে প্রতিমুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

যাত্রীবাহী বাস দাইয়ান পরিবহনের চালক মো. ওসমান মিয়া জানান, সড়কে কত বাঁক রয়েছে তার সঠিক সংখ্যা বের করা সম্ভব নয়। অর্থাত্ প্রতি পদে পদে বাঁক রয়েছে। পাহাড়ি পথে বাঁক থাকবে এটা আমরা মেনে নিয়েই গাড়ি চালাচ্ছি। কিন্তু বেশ কয়েকটি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। এসব বাঁকে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাতে হয়। তবে বাঁকের কারণে সড়কের সামনের অংশ চোখে দেখা যায় না। এসব সড়ক পথে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অটোরিকশা-চালক মেহেদী হাসান জানান, এই পথে অনেক সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক নতুন চালক আসেন। তারা সড়কের পরিস্থিতি যথাযথভাবে বুঝতে পারেন না। যে কারণে তাদের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা থাকে বেশি। তিনি ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সংস্কার করে সোজা সড়ক তৈরি করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কুমার চাকমা জানান, সড়কে বিপুল সংখ্যক বাঁক রয়েছে। এসব বাঁকে গাড়ি চালাতে অতিরিক্ত সতর্ক থাকতে হয়। সড়ক সংস্কার করে সোজা করার প্রতি তিনিও গুরুত্বারোপ করেন। তবে সড়ক সংস্কার করার দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। এ ব্যাপারে তারাই প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে সড়ক ও জনপথের চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, ভৌগোলিক ও প্রকৃতিগত কারণে পার্বত্য এলাকার সড়ক পথগুলোতে একের পর এক বাঁক থাকে। কিছু কিছু বাঁক ঝুঁকিপূর্ণ বলেও তিনি স্বীকার করেন। ঝুঁকিপূর্ণ বাঁকগুলো কিভাবে ঝুঁকিমুক্ত করা যায় সে ব্যাপারে জরিপ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও সওজের নির্বাহী প্রকৌশলী জানান।