লালমনিরহাটে ২০টি গ্রাম প্লাবিত, পানি বিপদসীমার ২৫ সে. মি. ওপরে

কয়েকদিনের অবিরাম বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা-ধরলাসহ জেলার সব গুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। তিস্তা ব্যারাজ দোয়ানী পয়েন্টে পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার পরিবার। 

জেলা প্রশাসন ত্রাণ বিতরণ শুরু করলেও বন্যার্তরা জানিয়েছেন তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। নদী তীরবর্তী এলাকার পানিবন্দী মানুষ পরিবার-পরিজন এবং গৃহপালিত পশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। 

খাদ্যাভাব, বিশুদ্ধ পানি এবং নানা সঙ্কটে থাকা দুর্গত এলাকার ফসলি জমি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখেছে। 

আরও পড়ুন: কুপিয়ে হত্যা ও গণপিটুনিতে নিহতের ঘটনায় থানায় মামলা

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র দোয়ানী ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে এবং বন্যা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

ইত্তেফাক/অনি