রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা: কবিতায় পাচ্ছেন আল হাফিজ, গল্পে সৈয়দ আহসান কবীর

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ ঘোষণা করা হয়েছে। কবিতায় আল হাফিজ ও গল্পে সৈয়দ আহসান কবীর পাচ্ছেন এই সম্মাননা। এ ছাড়া আরও সাতজন কবি-সাহিত্যিক ও সংগঠক পাচ্ছেন সম্মাননা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তাদের নাম ঘোষণা করা হয়। আগামী ৪ অক্টোবর তাদের হাতে তুলে দেওয়া হবে স্মারক।

আরও যারা সম্মাননা পাচ্ছেন, কবিতায় এ এস এম এনামুল হক প্রিন্স, গল্পে সৈয়দ এনাম-উল আজিম, উপন্যাসে লুৎফা জালাল, প্রবন্ধে পুরস্কার পাচ্ছেন শফিকুল ইসলাম আরজু ও এম সামাদ মতিন এবং ছড়ায় মো. আলী আশরাফ সিকদার। এ ছাড়া সংগঠক বিভাগে সম্মাননা পাচ্ছেন জাহাঙ্গীর ডালিম। 

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ বাস্তবায়ন পর্ষদ জানিয়েছে, ৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ৯ গুণি কবি, সাহিত্যিক ও সংগঠকের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। 

রৌদ্রছায়া প্রকাশের সত্বাধিকারী কথাশিল্পী আহমেদ রউফ বলেন, ‘এবার প্রবীণ-তরুণ-নবীন পাশাপাশি নবীনদের মনোনীত করা হয়েছে। এতে একটি যোগসূত্র তৈরি হবে। নবীনদের লেখা আরও সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।’ 

‘সুন্দরের জন্য সাহিত্য- স্লোগানকে সামনে রেখে শিল্পসাহিত্য এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রৌদ্রছায়া কাজ করে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সম্মাননা লেখালেখিকে আরও সতর্ক করে তোলে। গুণী লেখক-কবিগণ এখন থেকে আরও শক্তিশালী লেখা উপহার দেওয়ার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সবার সাথে আমারা আলোর পথে ভালোর পথে এগিয়ে যেতে চাই। এভাবে রৌদ্রছায়া হয়ে উঠুক সবার।’