পাকিস্তানে থানায় বিস্ফোরণ, বহু হতাহত 

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার সোয়াবি জেলায় এক পুলিশ স্টেশনে বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মর্দান বিভাগের কমিশনার জাভেদ মারওয়াত এই তথ্য জানান। খবর জিও নিউজের।  

প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, থানার প্রথম ফ্লোরে এক গুদামে শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ হয়েছে। উদ্ধার ও দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। তারা আহত পুলিশ সদস্যদের বাচা খান মেডিকেলে পাঠিয়েছে। 

বিস্ফোরণের কারণে ভবনে আগুন ধরে যায়। তবে দমকলকর্মীদের তৎপরতায় শিগগিরই সেই আগুন নেভানো হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আহত ১৫ জন পুলিশকে হাসপাতালে নেওয়া হয়। 

প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন এই ঘটনা আমলে নিয়েছেন এবং সোয়াবি থানায় মহাপরিদর্শক ও মুখ্য সচিবকে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের ধরণ নির্ধারণ করার পর রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি। 

তবে জেলা পুলিশ কর্মকর্তা হারুন রশিদ মিডিয়াকে বলেছেন, বিভিন্ন হাসপাতালে আহত ৩৩ জনকে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে বিস্ফোরণের ধরণ খতিয়ে দেখা হচ্ছে।