টাঙ্গাইলে সিএনজি চোর চক্রের মূল হোতা গ্রেফতার

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকা থেকে চুরি হওয়া সিএনজি চালিত অটোরিকশাসহ চোর চক্রের মূল হোতাকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ফরিদ মিয়া ওরফে ফরিদ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগাচর ইউনিয়নের সারমারা ভাটিয়াপাড়া গ্রামের অজি আলীর ছেলে।

জানা যায়, রবিবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খোরশেদ শেখ সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি বঙ্গবন্ধু সেতুপূর্ব-রেলস্টেশন সংলগ্ন একটি হোটেলে অটোরিকশাটি রেখে খেতে যান। এই সুযোগে চোর চক্রের মূল হোতা ফরিদ মিয়া অটো নিয়ে পালিয়ে যায়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, চুরি যাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে ওইদিন বিকালেই আনালিয়াবাড়ি এলাকা থেকে অটোরিকশাসহ চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।