উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা 

রাজধানীর উত্তরায় সেক্টর -১৪ জহুরা মার্কেট এলাকায় নকশাবহির্ভূতভাবে কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।

এই কর্মকর্তা বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ১/১ আওতাধীন উত্তরায় সেক্টর -১৪ জহুরা মার্কেট এলাকায় রাজউক নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে একটি ভবনে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

এছাড়া পার্কিংয়ের জায়গা দখল করে মাছের হিমাগার তৈরি এবং আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান হোটেল করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

তিনি আরও বলেন, কয়েকটি ভবনের অংশবিশেষ রাস্তার উপরে তৈরি করার তাও ভেঙ্গে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানে ছিলেন রাজউক জোন ১/১ এর অথরাইজড অফিসার সাইফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার মশিউর রহমান এবং ইলিয়াস আলী মোল্লা, প্রধান ইমারত পরিদর্শক তন্ময় দেব তাপস এবং নুরুল ইসলাম খান, ইমারত পরিদর্শক আবু সাইয়েম, বাদল হোসেন, মুরাদ হোসেন, হারুনসহ অন্য কর্মকর্তারা।