মুলতান টেস্টে পাকিস্তানের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন দুই ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক ও জো রুট। চতুর্থ উইকেটে ৪৫৪ রানের জুটিতে গড়েন বিশ্ব রেকর্ড। রুট থামেন আড়াইশ পেরিয়ে। তবে ট্রিপল সেঞ্চুরি তুলে নেন ব্রুক।
তাদের ব্যাটিং তাণ্ডবে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সরার বোলিং তোপে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। এখনো ১১৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে করা পাকিস্তানের ৫৫৬ রানে জবাবে ব্যাট করতে নেমে ২৬২ রান করেন রুট। চতুর্থ উইকেট জুটিতে ব্রুককে সঙ্গে নিয়ে তুলেন ৪৫৪ রান। যা চতুর্থ উইকেট জুটির বিশ্ব রেকর্ড। ৩১৭ রানে থামেন ব্রুক।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। দলীয় ৫৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। সৌদ শাকিল ও সালমান আঘা বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।
তবে ৩৩ বলে ২৯ রান করে আউট হন শাকিল। শেষ পর্যন্ত ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। সালমান ৪৯ বলে ৪১ ও আমের জামাল ৪৮ বলে ২৭ রানে অপরাজিত আছেন।