আবারও ইনজুরিতে নেইমার
স্পোর্টস ডেস্ক
পিএসজি ফরাসি লিগে বোর্দোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। গত রবিবার রাতের এই ড্রয়ে ঘরোয়া লিগে টানা ১৪ ম্যাচের জয়রথ থামলো শিরোপাধারীদের। তবে পিএসজি কোচ থমাস টুখেলের কপালে চিন্তার ভাঁজ ফেলে আবারো চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিল তারকা নেইমার। কোচ জানিয়েছেন পরবর্তী লিগ ম্যাচে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে পাচ্ছে না তার দল।
নেইমার নৈপুণ্যেই বোর্দোর মাঠে প্রথমার্ধ্বেই এগিয়ে যায় সফরকারীরা। ৩৪ মিনিটে ডিফেন্ডার দানি আলভেজের বাড়ানো বল থেকে স্কোরশীটে নাম তোলেন এই তারকা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া পিএসজি বড় ধাক্কা খায় দ্বিতীয়ার্ধ্বে। ৫৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।
অবশ্য এর আগেই সমতায় ফেরে বোর্দো। ৫৩ মিনিটে লক্ষ্যভেদ করেন স্বাগতিকদের ফরাসি স্ট্রাইকার জিমি ব্রান্ড। ৬৬ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে আবারো এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ পর্যন্ত পিএসজি সেই অগ্রগামিতা ধরে রাখতে ব্যর্থ হয়। ৮৪ মিনিটে আন্দ্রেয়াস কর্নেলিয়াসের গোলে আবারো সমতা ফেরায় বোর্দো। অবশিষ্ট সময়ে আর কোনো গোল হয়নি। এর ফলে টানা জয়ের ধারাতে ছেদ পড়লো পিএসজির।
কোচ টুখেল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচের প্রতিক্রিয়ার চেয়ে নেইমারের ইনজুরি নিয়েই বেশি ব্যস্ত থাকলেন। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন নেইমার। এ কারণে তুলুসের বিপক্ষে খেলতে পারেননি তিনি। কোচের মতে সেই চোটটিই আবার ফিরে এসেছে পিএসজি তারকার। তিনি বলেন, ‘আমি মনে করি এটা সেই একই চোট। কিন্তু আমি তা এখনো দেখিনি।’
এরপরও শিগগিরই ব্রাজিল তারকাকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন টুখেল। তিনি বলেন, ‘আমাদেরকে সতর্ক থাকতে হবে। সে বলেছিলো যে আজ খেলতে কোনো সমস্যা নেই তার। আশা করি স্ট্রাসবুর্গ খেলাটির পরপরই আমরা তাকে ফিরে পাবো।’
ড্র করা সত্বেও টুখেল মনে করেন ভালোই খেলছিল তার দল। তিনি বলেন, ‘প্রথমার্ধ্বে আমরা বেশ ভালো খেলছিলাম। আমরা বেশ মনোযোগী ছিলাম এবং সামর্থ্যের পুরোটা ঢেলে দিচ্ছিলাম।’ তবে ভিএআরের উপর কিছুটা ক্ষোভ ঝেরে তিনি বলেন, ‘নেইমারকে করা ফাউলটি কি পেনাল্টির যোগ্য ছিলো? হ্যাঁ! এবং তারা (ভিএআর) তাতে চোখই দেয়নি। মারাত্মক ফাউল ছিলো সেটি। এরপর আমরা যখন একটি বৈধ গোল করলাম তখন তিনি সেটা পাঁচ মিনিট ধরে দেখলেন কিন্তু আগেরটার জন্য কিছুই না? আমাদেরকে চিন্তা করা বন্ধ করে ব্যাখ্যা করা শুরু করতে হবে! রেফারি সেগুলো ভুলে গিয়েছিলেন, প্রথমটা হয়তো আমাদের ২-০ গোলে এগিয়ে দিতে পারতো আর তা হলে সবকিছুই শেষ হয়ে যেত!’
টুখেল আরও বলেন, ‘তাই এটা একটু কঠিন কারণ আমরা ভালো একটি ম্যাচই খেলেছিলাম। তবে দ্বিতীয়ার্ধ্বের প্রথম কয়েক মিনিটে আমরা তীক্ষ্নতা হারিয়ে ফেলেছিলাম এবং বোর্দো একটি গোল পাবার যোগ্য ছিলো। কিন্তু আমাদের তীক্ষ্নতা এবং সুযোগ পরে আবারও ফিরে এসেছিলো, যা ব্যাখ্যা করা কঠিনই হবে।’