বেধড়ক পিটুনিতে রেকর্ড সংগ্রহ ভারতের

সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামে টাইগাররা। এমন ম্যাচে বেধড়ক মার খেয়েছেন বাংলাদেশের বোলাররা। সেইসঙ্গে পাহাড়সম রানের টার্গেট পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ভারত। স্যাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৯৮ রানের বিশাল টার্গেট দিয়েছে স্বাগতিকরা।  

শনিবার (১২ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও স্যামসন। তবে দলীয় ২৩ রানে ৪ বলে ৪ রান করে আউট হন অভিষেক।

এরপর ক্রিজে আসা সূর্যকুমারকে সঙ্গে নিয়ে টাইগার বোলারদের ওপর চড়াও হন স্যামসন। চার-ছক্কার ফুলঝুড়ি ছোটাতে থাকেন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২৩ বলে ফিফটি তুলে নেন স্যামসন। 

মারমুখী ব্যাটংয়ে ফিফটি তুলে নেন সূর্যকুমারও। এরপর ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান এই দুই ব্যাটার। ৪০ বলে সেঞ্চুরি তুলে নেন স্যামসন। সূর্যকুমার ও স্যাঞ্জু স্যামসন মিলে ১৭৩ রানের জুটি গড়েন। 

এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় ভারত। স্যামসন ৪৭ বলে ১১১ ও সূর্যকুমার ৩৫ বলে ৭৫ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে এসে তাণ্ডব চালান হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগ। একের পর এক চার-ছক্কা হাঁকাতে থাকেন এই দুই ব্যাটার। 

দলীয় ২৭৬ রানে আউট হওয়ার আগে ১৩ বলে ৩৪ রান করেন পরাগ। এছাড়া ১৮ বলে ৪৭ রান করে আউট হন হার্দিক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে ভারত।