১০টি আসর পার করে ফেলেছে দেশের ক্রিকেটে ফ্রাঞ্চাইজি লিগ বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিটি আসরেই সঙ্গী ছিল অপেশাদারিত্ব ও বিতর্ক। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে সঙ্গে নিয়ে ভালো মানের একটি বিপিএল আয়োজনের চেষ্টা করছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিপিএলের একাদশ আসরে প্রাধান্য দেওয়া হচ্ছে জনসম্পৃক্ততা বাড়ানোয়। আর সেটা করা হচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনা অনুযায়ী। এমনটি জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
রোববার (১৩ অক্টোবর) বিসিবিতে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘বিপিএলকে একটা টুর্নামেন্ট হিসেবে ভালোভাবে উপস্থাপন করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকাটা রাখবে। তবে আমার মনে হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে সাহায্য করতেন, তিনি সর্বশেষ অলিম্পিকেও বড় একটা ভূমিকা রেখেছেন, বিপিএলের মতো টুর্নামেন্টে আমরা যদি তার সেই অভিজ্ঞতা ব্যবহার না করি, সেটা দুর্ভাগ্যজনক হবে।’
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘বিপিএলকে কীভাবে আন্তর্জাতিকভাবে আরও স্বীকৃত করা যায় এবং কী কী নতুনত্ব যুক্ত করা যায়, তা থেকে বিসিবি আজ একটা প্রেজেন্টেশন দিয়েছে। স্যারও (প্রধান উপদেষ্টা) আরও বিস্তারিত আইডিয়া দিয়েছেন। দিন দুয়েকের মধ্যে আমরা আবারও বসব। আমরা চাই এবারের বিপিএলটাকে নতুন করে সাজাতে এবং এবারের বিপিএল যেন আমাদের ঘরোয়া ক্রিকেটে নতুন উদ্দীপনা নিয়ে আসে।’