এইচএসসিতে ১৫ বছর ধরে পাসের হারে এগিয়ে মেয়েরা

গত ১৫ বছর ধরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। চলতি বছর নিয়ে টানা চতুর্থবারের মতো জিপিএ-৫ অর্জনেও এগিয়ে আছে তারা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কাশিত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কারিগরি ও মাদ্রাসাসহ ১১টি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে, মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ।

১১টি শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে, মোট ৮০ হাজার ৯৩৩ জন মেয়ে ও ৬৪ হাজার ৯৭৮ জন ছেলে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাসের হারে মেয়েরা এগিয়ে থাকছে।

২০০৯ সালে ছেলেরা শেষবারের মতো পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে ছিল। সে বছর মোট পাসের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৪ দশমিক ৫০ শতাংশ।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ২ হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।

এ বছর ভিন্ন এক পরিস্থিতিতে ফল প্রকাশ করা হচ্ছে। কয়েকটি পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে কয়েক দফায় স্থগিত করা হয়। পরে সংশোধিত সময়সূচী করেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীদের দাবির মুখে বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়। এরপর শুরু হয় বাতিল পরীক্ষাগুলো ফলাফল নির্ধারণ নিয়ে জটিলতা। শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে ফল নির্ধারণের প্রস্তাব দেওয়া হলেও তা পরিমার্জন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ফলে শুধু এসএসসির ফলাফলের ভিত্তিতে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল নির্ধারণ করা হয়েছে।

১৫ বছরের রীতি ভেঙে ভিন্ন পদ্ধতিতে ফল প্রকাশ

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ফলাফল প্রকাশ করা হতো প্রধানমন্ত্রীর হাত তুলে দেওয়ার মাধ্যমে। এরপর দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করতেন। এবার সেই রীতি ভেঙে নতুন আঙ্গিকে ফল প্রকাশ করা হয়েছে। তাছাড়া ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে কলেজ ছুটি থাকায় ফলাফল জানতে শিক্ষার্থীদের অনেকটা অনলাইন-নির্ভর থাকতে হচ্ছে।

ঘরে বসে যেভাবে জানা যাবে ফলাফল

সারা দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এর পাশাপাশি প্রার্থীরা অনলাইনে বা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ—HSC DHA 123456 2024 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।