বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, 'বিএনপি সরকারের আমলে এদেশে স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক লুটপাট হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।' শুক্রবার কেরানীগঞ্জের কদমদলী এলাকায় মা প্লাজায় 'ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার' কেরানীগঞ্জ শাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সরকারি হাসপাতালগুলোতে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশে কিছু ট্রাষ্টি রাজনীতিতে জড়িয়ে বিতর্কিত হয়েছে। যারা বাংলাদেশকে অস্বীকার করে এবং স্বাধীনতার বিপক্ষে অবস্থান করে এধরনের লোক দ্বারা পরিচালিত কোন হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্র কেরানীগঞ্জে করতে দেওয়া হবে না।'
তিনি আরও বলেন, 'কেরানীগঞ্জের মানুষ যেন স্বাস্থ্যসেবা তাদের হাতের নাগালে পায় সেজন্য ঝিলমিল প্রকল্পের ভিতর ৫শ' শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। শুভাঢ্যা খালটি সংস্কারের জন্য প্রায় ১২শ' কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে। সেই প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে।'
আরও পড়ুন: ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে: শিল্পমন্ত্রী
ইবনে সিনা ট্রাষ্টের সদস্য (প্রশাসন) ও ইবনে সিনা কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. একেএম সদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু ও ইবনে সিনা কেরানীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান হাজী মনির হোসেন।
ইত্তেফাক/জেডএইচডি