‘স্ট্যাটাস দিলেই যেহেতু সব হয়, প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেবো’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। তার আগে রোববার (২০ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে টেস্ট ছাপিয়ে আলোচনা হয় সাকিব আল হাসানকে নিয়ে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। প্রথমে স্কোয়াডে জায়গাও পেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে শেষ মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট। নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য ছিলেন সাকিব। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হত্যা মামলা হয় তার নামে। সে সময় সাকিবের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন ক্রিকেটাররা। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারছেন না সাকিব। এই নিয়ে কোনো ক্রিকেটারকে প্রতিবাদ জানাতে দেখা যায়নি।  

এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’

দেশের মাটিতে সাকিবের বিদায় না হওয়া দুর্ভাগ্যজনক উল্লেখ করে টাইগার অধিনায়ক বলেন, ‘কীভাবে দেখছি আসলে দুর্ভাগ্যজনক (সাকিবকে মিরপুরে বিদায় দিতে না পারা)। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’