নাইজেরিয়ার প্রেসিডেন্ট মারা গেছেন এবং তার জায়গায় একজন সুদানি ছদ্মবেশীকে প্রেসিডেন্ট হিসেবে চালানো হচ্ছে, এমন গুজব ছড়িয়ে পড়ার পর নীরবতা ভেঙে এর প্রতিবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট বুহারি।
এক সম্মেলনে যোগ দিতে পোল্যান্ডে থাকা বুহারি স্থানীয় এক টাউন হলে প্রবাসী নাইজেরীয়দের উদ্দেশ্যে বলেছেন, ‘এটিই সত্যিকারের আমি, আমি আপনাদের নিশ্চিত করছি। শিগগিরই আমি আমার ৭৬তম জন্মদিন উদযাপন করবো এবং আমি সবলই থাকবো। শরীর খারাপ থাকার সময় অনেকেই আমার মৃত্যু চেয়েছে।’ যারা তার মৃত্যুর গুজব ছড়িয়েছে তাদের ‘অজ্ঞ ও অধার্মিক’ বলে অভিহিত করেছেন তিনি।
প্রকাশ করা হয়নি এমন এক অসুস্থতার কারণে গত বছর পাঁচ মাস ব্রিটেনে চিকিত্সা নিয়েছিলেন বুহারি। আগামী ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্ব্বিতাও করবেন তিনি। কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বুহারির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।