ট্রাম্পের তত্পরতা প্যারিস জলবায়ু চুক্তির প্রতি হুমকি

বিবিসি ও এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা ও তত্পরতা কার্বন নিঃসরণ কমাতে বৈশ্বিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। নতুন একটি গবেষণা প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে পোল্যান্ডে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন থেকে যৌথ বিবৃতি দিয়ে কার্বন হ্রাসে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ায় বিষয়টি অন্যদের অঙ্গীকার পূরণেও ধীরগতি এনেছে। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউরোপিয়ান অ্যাফেয়ার্সের নতুন ওই গবেষণায় বলা হয়েছে, ট্রাম্পের তত্পরতার সত্যিকারের প্রভাব হলো, বিষয়টি নিয়ে বিশ্ব এখন প্রত্যাখ্যানের মধ্যে রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্পের কথা এবং কাজ প্যারিস চুক্তির ‘অনেক বড় ক্ষতি’ করছে।

এদিকে পোল্যান্ডে জাতিসংঘের জলবায়ু সম্মেলন থেকে এক যৌথ বিবৃতিতে দেশগুলোর প্রতি আশু হুমকি মোকাবেলায় চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো উপেক্ষা করা ক্রমে কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় অর্থনীতি ও সমাজের গভীর রূপান্তর প্রয়োজন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে সরে আসায় এ বিষয়ে বড় কোনো অগ্রগতির আশা দেখছেন না বিশ্লেষকরা।

২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলনে দেশগুলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমিত রাখার প্রতিশ্রুতি দেয় এবং যদি সম্ভব হয়, তবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতেও সম্মত হয়। কিন্তু এখন পর্যন্ত মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়াতেই পৃথিবীতে বিপর্যয় শুরু হয়েছে।