স্পোর্টস রিপোর্টার
বৃহস্পতিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বসুন্ধরা কিংস এবং আরামবাগের খেলাটি ৮ মিনিট হয়ে বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে খেলা হয়নি। গতকাল বিকালে পুনরায় খেলা হলেও শুরু হয়েছিল ৮ মিনিট পর হতে। ৮২ মিনিট খেলা হয়। আর তাতে বসুন্ধরা এবং আরামবাগের লড়াইটাও বেশ জমে উঠেছিল। শেষ পর্যন্ত কাগজে-কলমের বড়ো দল বসুন্ধরা ৩-০ গোলে আরামবাগকে হারিয়ে শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেছে। সেই সঙ্গে নবাগত বসুন্ধরা কিংস টানা ১৩ জয়ের রেকর্ড তুলে নিল এ পর্যন্ত হওয়া পেশাদার লিগে। আবাহনীর টানা ১১ জয় রয়েছে।
১৯ ম্যাচ শেষে বসুন্ধরার পয়েন্ট ৫৫। বসুন্ধরার পেছনে আবাহনীর পয়েন্ট ২০ খেলায় ৫১। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর হাতে থাকা বাকি চার ম্যাচে যদি জয় পায় তাহলে পয়েন্ট হবে ৬৩। বসুন্ধরা কিংসের হাতে আছে ৫ ম্যাচ। এ ৫ ম্যাচে ৯ পয়েন্ট পেলে বসুন্ধরার ৬৪ পয়েন্ট হবে। তাদেরকে কেউ দাবায়ে রাখতে পারবে না। লিগ চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস। আর যদি আবাহনী সামনের কোনো খেলায় পয়েন্ট হারিয়ে বসে তাহলে বসুন্ধরার পথ আরো সহজ হয়ে যাবে।
গতকাল বৃষ্টি ভেজা মাঠে আরামবাগ লড়াই করতে নেমে পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে যায়। ৫৪ মিনিটে ব্রাজিলিয়ান মারকোস পেনাল্টি হতে গোল করেন ১-০। ৬৮ এবং ৭৬ মিনিটে জোড়া গোল করেন রাশিয়া বিশ্বকাপে খেলে আসা কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস ৩-০। তার দুই গোলের পেছনের কারিগর ছিলেন কিরগিজ ফুটবলার বখতিয়ার দুশবেকভ। বিশ্বকাপ তারকা কলিন্দ্রেস বসুন্ধরার অধিনায়ক। পঞ্চম স্থানে থাকা আরামবাগের ২৬ পয়েন্ট।