স্পোর্টস রিপোর্টার
খুলনায় সিরিজের প্রথম চারদিনের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। গতকাল চট্টগ্রামে শুরু হয়েছে দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ। তবে ম্যাচের প্রথম দিনে দাপট দেখিয়েছে শুধু বৃষ্টি। দিনভর ব্যাট-বলের লড়াইকে অপেক্ষা রেখেছে প্রকৃতির কান্না।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অব্যাহত বৃষ্টিতে গতকাল গোটা দিনে খেলা হয়েছে মাত্র ৭.৪ ওভার। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দল ১ উইকেটে ১৮ রান তুলেছে। নাঈম শেখ ৬, রকিবুল হাসান ১০ রানে অপরাজিত আছেন। আউট হয়ে গেছেন ‘এ’ দলের অধিনায়ক ইমরুল কায়েস (২)। ইনিংসের চতুর্থ ওভারে ইয়ামিন আহমেদজালির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
সিরিজ বাঁচাতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশ ‘এ’ দলকে। চারদিনের ম্যাচের পর বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডেও খেলবে সফরকারী আফগানরা।