সাড়ে ৬ বছর পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ওয়ার্নার 

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িত থাকার প্রমাণ মেলায় ডেভিড ওয়ার্নারকে ১ বছর নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেইসঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটে আর কোনো দলের অধিনায়ক হতে পারবেন না, এমন নিষেধাজ্ঞাও দেওয়া হয়। অবশেষে দীর্ঘ সাড়ে ৬ বছরের বেশি সময় পর সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেটে অধিনায়ক হতে তার আর কোনো বাধা থাকলো না।

অজি ওপেনারের এই নিষেধাজ্ঞা তুলে নিতে নিয়ম অনুযায়ী তিন সদস্যের একটি প্যানেলের সামনে মূল রায়ের শর্তাবলি সংশোধন করার জন্য ওয়ার্নারের আবেদন উপস্থাপন করেন। প্যানেলটি সবকিছু পর্যালোচনা করে দেখতে পেয়েছে, শাস্তি পাওয়ার পর থেকে ওয়ার্নার ‘সম্মানজনক ও অনুশোচনাপূর্ণ’ আচরণ করেছেন।

এ ছাড়া ওয়ার্নারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সব ধরনের মানদণ্ড পূরণ করেছেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন। এ কারণে তিন সদস্যের প্যানেল সর্বসম্মতভাবে ওয়ার্নারের ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় বিগ ব্যাশে নেতৃত্ব দিতে পারেন ওয়ার্নার। আগামী আসরে সিডনি থান্ডার্সের হয়ে খেলবেন তিনি। এ ব্যাপারে অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘ডেভিড ওয়ার্নারের ওপর নিষেধাজ্ঞার শাস্তি পর্যালোচনা করার সিদ্ধান্তে আমি খুশি। সে এই মৌসুমেই অধিনায়কের পদ ফিরে পাওয়ার জন্য বিবেচিত হবে।’