সফলতা আর স্বপ্ন নিয়ে অন্য ধারার এক মেলা

যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এক অন্য ধারার মেলা। এডুকো বাংলাদেশ, নারী মৈত্রী এবং সচেতন সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা এবং রাজশাহী জেলার মেধাবী তরুণদের সফলতার গল্প আর স্বপ্ন নিয়ে অনুষ্ঠিত হল অ্যাচিভমেন্ট ফেয়ার, যেখানে ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কারাতে গোল্ড মেডেলিস্ট, বক্সার, ক্রিকেটার, জাতীয় পর্যায়ে পুরস্কৃত নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং দারিদ্রতাকে পায়ে মাড়িয়ে নিজের প্রচেষ্টায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা। 

এডুকো বাংলাদেশের অর্থায়নে স্টারস প্রকল্প থেকে 'দরিদ্র অথচ তুখোড় মেধাবী' এমন ৬১ জন তরুণ তরুণীকে গত এক বছরে মেধাবৃত্তিসহ জীবনভিত্তিক নানা ধরণের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্পের সহযোগিতায় তারা আজ সব প্রতিকূলতা পেরিয়ে তাদের স্বপ্নের পথে দৌড়চ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি। প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। এছাড়াও এই সফলতার গল্পের আয়োজনকে আরও ফলপ্রসূ করতে এবং আগামী চলার পথকে দীর্ঘায়ত করতে মেধাবীদের সঙ্গে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এম এ আখের, এডুকো বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস মো. আব্দুর রহিম, , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম, কলেজের প্রভাষক, অভিভাবক এবং সাংবাদিকরা। ধন্যবাদান্তে ছিলেন সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম।

এ সময় এডুকো বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস মো. আব্দুর রহিম বলেন, এ অর্জন সারা দেশের। এ সব মেধাবীদের জন্য সরকারি পর্যায়ে সুযোগ তৈরির পাশাপাশি এডুকো বাংলাদেশ আরও সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নেওয়ার জন্য কাজ করবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সব সময়ই যুবদের উন্নয়নের জন্য কাজ করছে আর আগামীতেও এই কাজ আরও ব্যাপকভাবে হাতে নেওয়া হবে।