অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই আলজেরিয়া সফরে গিয়ে তোপের মুখে পড়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার সফরের বিরোধিতা করেছে উত্তর আফ্রিকার এ দেশটির রাজনৈতিক দলগুলো। তা ছাড়া শিক্ষাবিদ, সাংবাদিক ও ইসলামি চিন্তাবিদসহ বিভিন্ন অঙ্গনের ১৭ জন ব্যক্তি সৌদি যুবরাজের সফরের বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এ সব কথা জানা গেছে।
সৌদি যুবরাজের আলজেরিয়া সফরের বিরোধিতা করেছেন দেশটির শিক্ষাবিদ, সাংবাদিক ও ইসলামি চিন্তাবিদদের একটি অংশ। ১৭ জন ব্যক্তি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সাংবাদিক জামাল খাশোগির বিরুদ্ধে ভয়াবহ এ অপরাধ সংঘটনের জন্য তিনিই যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে গোটা বিশ্ব নিশ্চিত।’
সৌদি যুবরাজের সফরের বিরোধিতা করেছে আলজেরিয়ার রাজনৈতিক দলগুলো। এর মধ্যে রয়েছে— বিরোধী দল মুভমেন্ট ফর দ্য সোসাইটি অব পিস। তাদের অভিযোগ, খাশোগিসহ ইয়েমেনে বিপুলসংখ্যক শিশু ও বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য সৌদি যুবরাজ দায়ী। অবশ্য ওয়ার্কার্স পার্টির প্রধান লুইসা হানুন সৌদি যুবরাজের আলজেরিয়া সফরকে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করেছেন।