যানবাহন চলাচল বন্ধ
সুজানগর (পাবনা) সংবাদদাতা
সড়ক ও জনপথ বিভাগের সুজানগর-চিনাখড়া সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাওয়ায় বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই ঐ সড়কে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকার জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঐ সড়কে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
সড়ক ও জনপথ বিভাগের ঐ সড়কের দূরত্ব ১১ কিলোমিটার। প্রায় তিন বছর আগে সড়কটি সংস্কার করা হয়।
উপজেলার তাঁতীবন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা এবং স্থানীয় আশরাফ আলী, আবদুল মতিন শাহজাহান আলীসহ অনেকেই অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করেন। ফলে সংস্কারের তিন বছরের মধ্যে সড়কের বেশির ভাগ জায়গা থেকে কার্পেটিং উঠে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই ঐ সকল গর্তে পানি জমে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। সড়কের ঐ সকল গর্ত দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে বেশ কিছুদিন যাত্রীবাহী সিএনজি এবং মাইক্রোবাসসহ অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ঐ সকল যানবাহন বিকল্প সড়কে প্রায় তিন কিলোমিটার সড়ক ঘুরে চলাচল করছে। এতে একদিকে যাত্রীদের বেশি ভাড়া দিতে হচ্ছে অন্যদিকে সময়ও লাগছে অনেক বেশি।
সিএনজি চালক আবু বকর বলেন, সড়কের অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে বড়ো বড়ো গর্ত হওয়ায় যানবাহন চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে নিরুপায় হয়ে বিকল্প পথে সিএনজি চালাচ্ছি।
সুজানগর-চিনাখড়া সড়কের দুরাবস্থার কথা স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরন রায় বলেন, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।