কক্সবাজারে উত্তাল সাগরে গোসলে নেমে এক মাদ্রাসাছাত্রের মৃ্ত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
মারা যাওয়া মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে। মাহমুদ স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও লাইফ গার্ড সদস্যদের বরাতে তানভীর হোসেন বলেন, শনিবার সকালে পাঁচ বন্ধুর সঙ্গে সৈকতে ঘুরতে আসে মাহমুদুর রহমান। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছে কিছুক্ষণ ফুটবল খেলে। পরে সবাই সাগরে গোসলে নামে।
মাহমুদুরের বন্ধুরা জানিয়েছে, গোসলের এক পর্যায়ে মাহমুদুর পানিতে তলিয়ে যায়। এ সময় ভেসে যেতে দেখে বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈকতে বিপদাপন্ন পর্যটকদের উদ্ধারে কাজ করা সি সেফ লাইফ গার্ডের সিনিয়র কর্মী মো. ওসমান গণি বলেন, ঘূর্ণিঝড় দানা চলে গেলেও সাগর এখনো উত্তাল। অন্য সময়ের চেয়ে এখন ঢেউয়ের আকার বড়। এমন পরিস্থিতিতে হাঁটু পানিতে গোসল করাও অনিরাপদ। আমরা মাইকিং করছি, তবে সৈকতে নামা পর্যটক বা স্থানীয় দর্শণার্থীরা বিষয়টি কর্ণপাত করছে না।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করছে সংশ্লিষ্ট প্রশাসন।