সাগরে ট্রলারডুবি
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় ভোলার নিহত সাত জেলের পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলে পরিবারের সদস্যদের হাতে এই টাকা তুলে দেওয়া হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, নিহত জেলেদের প্রতিটি পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় দাফনের জন্য ২৫ হাজার এবং মত্স্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ১ লাখ টাকা করে দেওয়া হয়। এছাড়া আহত জেলেদের চিকিত্সার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চরফ্যাশন উপজেলার ঢাল চরসংলগ্ন বঙ্গপসাগরে ট্রলারডুবির পর গত বুধবার ছয় জনের লাশ কক্সবাজার সৈকত থেকে উদ্ধার করে পুলিশ। এ পর্যন্ত উদ্ধার আট জনের লাশের মধ্যে সাত জনকে শনাক্ত করে তাদের পরিবার।
৬ জুলাই চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের সামরাজ ঘাট থেকে মনির মাঝির নেতৃত্বে ১৫ জন জেলে ও আহম্মেদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রাম থেকে শাজাহান মাঝির নেতৃত্বে ১৪ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ হন।