নাগরপুরে তিনটি ইউনিয়নে উপনির্বাচন ২৫ জুলাই

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

আগামী ২৫ জুলাই নাগরপুর উপজেলার তিনটি ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক গত বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল বাতেন জানান, গত ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গয়হাটা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ, এছাড়া মোকনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মৃত্যুবরণ করায় পদগুলো শূন্য হয়। উক্ত শূন্য পদের জন্য ২৫ জুলাই নির্বাচনের দিন ধার্য করা হয়।

উক্ত উপনির্বাচনে নাগরপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয়সহ মোট ৯ জন প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গয়হাটা ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে দুজন এবং মোকনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাগরপুর সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম কামরুজ্জামান মনি (নৌকা), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন (টেবিল ফ্যান), নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, এজিএস ও সাবেক ভিপি মোহাম্মদ ফরহাদ হোসেন ডেভিড, (অটোরিকশা), মো. আবুল কালাম মনজুর মোর্শেদ (চশমা), মোহাম্মদ বুলবুল মিয়া (ঘোড়া), মো. আ. মাজীদ (রজনীগন্ধা), ময়নাল মিয়া (আনারস), হামিদুল ইসলাম (মোটরসাইকেল) এবং ওয়ালি (টেলিফোন) প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গয়হাটা ইউনিয়নে সংরক্ষিত আসনের সাবেক সদস্য সাফিয়া ইউসুফ হুনুফা (জিরাফ) এবং মুনমুন (সূর্যমুখী ফুল) প্রতীক পেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়া মোকনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মো. মাজেদুর ইসলাম (মোরগ) ও সামছুল আলম তালা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন।