ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি ও ভরতকাঠি গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে খাল। আর এই খালের ওপর নির্মিত একমাত্র ঝুঁকিপূর্ণ সাঁকো দুই গ্রামের পাঁচ শতাধিক পরিবারের একমাত্র যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার হচ্ছে। ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের।
উপজেলার জুরকাঠি গ্রামের বাসিন্দা আকবর আলী ও ভরতকাঠি গ্রামের বাসিন্দা আনছার উদ্দিন জানান, বিভিন্ন সময় ক্ষমতার পট পরিবর্তন হলেও আজ পর্যন্ত দুই গ্রামের সংযোগ ও যাতায়াতের জন্য একটি ব্রিজ নির্মাণ করা হয়নি। যা আমাদের দীর্ঘদিনের দাবি।
দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা জানান, এই খালের ওপর একটি ব্রিজ বা কালভার্ট একান্ত জরুরি। কারণ দুইটি গ্রামের জনসাধারণের চলাচল ও যোগাযোগের একমাত্র মাধ্যম এই খাল। ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে পারাপার হতে দুর্ভোগের শেষ নেই। যদিও এ ব্যাপারে ত্রাণ মন্ত্রণালয় ও স্থানীয় সরকারের টেকসই প্রকল্পে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে এখানে ব্রিজ কিংবা কালভার্ট নির্মাণ করা হবে।