ভেড়ামারায় নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

নাসিমা খাতুন নামের চার সন্তানের জননীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে গোলাপনগর গোপিনাথপুর হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পশ্চিম দিকে রেললাইনের পাশে মাঠের আখ খেত থেকে নাসিমার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মবিদুল ড্রাইভারের স্ত্রী। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোল্লা খবির আহমেদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসে লাশটি শনাক্ত করেন। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।