আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুর উপজেলায় শুক্রবার সকালে পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার বারইল গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় বৃদ্ধার লাশটি পাওয়া যায়। মৃত বৃদ্ধা মাজেদুর রহমান (৭০) বারইল গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবারের ধারণা, পা পিছলে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, মাজেদুরের মৃত্যুর ব্যাপারে তার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।