নেত্রকোনায় মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ

নেত্রকোনা প্রতিনিধি

‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ স্ল্লোগানে মুখে কালো কাপড় বেঁধে খালি পায়ে সড়কে হেঁটে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনার সচেতন শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, নারী নেত্রী কোহিনূর বেগম, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু, শিক্ষিকা তমা রায় প্রমুখ।

এ সময় বক্তারা ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে শাস্তির দাবি জানান। তাদের পক্ষে কোনো আইনি লড়াই না করার জন্য আইনজীবীদের প্রতিও অনুরোধ জানিয়েছেন বক্তারা।

পরে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে শহরের বিভিন্ন সড়কে খালি পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল বের করে।