স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাব্বারুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের চান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাব্বারুল ঐ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক আব্দুল আজিজ মণ্ডল বলেন, রাতে বাড়ির পাশে একটি জঙ্গলে রক্তাক্ত অবস্থায় জাব্বারুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শিশু ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন-সমাবেশ
সারাদেশের শিশু নির্যাতন এবং শিশু ধর্ষক ও শিশু খুনিদের দ্রুত বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা কমিটি।
জেলা কমিটির আহ্বায়ক দিলরুবা নূরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে শিশু ধর্ষণের ঘটনা মহামারি আকার ধারণ করেছে। অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির জোর দাবি জানান তারা।