নোবিপ্রবির উপ-উপাচার্য হলেন ড. রেজুয়ানুল হক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বিষয় জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে নোবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ করা হলো।

নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, উপ-উপাচার্য পদের মেয়াদ তার যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।