আফগানিস্তানে বিয়েবাড়িতে আত্মঘাতী হামলায় নিহত ৫

g রয়টার্স

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, ওই হামলায় এক বালককে ব্যবহার করা হয়েছে। সে হেঁটে ওই বাড়িতে যায় এবং আত্মঘাতী হামলা চালায়। পাকিস্তান সীমান্তবর্তী পাচেরাগাম জেলায় সরকারপন্থি এক মিলিশিয়া কমান্ডারের বাড়িতে ওই হামলা চালানো হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন থেকে এ হামলায় পাঁচজন নিহত হওয়ার কথা বললেও প্রত্যক্ষদর্শীরা ১০ জন নিহত হওয়ার কথা দাবি করেছেন। মাত্র দুই দিন আগে আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের অবসানে শান্তির রূপরেখা তৈরিতে রাজি হয়েছিল তালেবান ও আফগান প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারে ওই সম্মেলন হয়। কিন্তু এরই মধ্যে এ ধরনের হামলা শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে বলে অনেকে মনে করছেন।

আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলগুলো তালেবান ও ইসলামিক স্টেট জঙ্গিদের দখলমুক্ত রাখতে সরকারপন্থি মিলিশিয়া দলগুলো দেশটির সেনাবাহিনীর সঙ্গে কাজ করে। গত মাসে তালেবান যোদ্ধারা সরকারপন্থি অন্তত ২৬ মিলিশিয়াকে হত্যা করে। তবে তালেবানের পক্ষ থেকে শুক্রবারের এই হামলার দায় অস্বীকার করা হয়েছে। পাচেরাগাম জেলায় আইএস জঙ্গিরাও বেশ সক্রিয়। তারাও এখনো ওই হামলার দায় স্বীকার করেনি।