হাওয়াইয়ে এয়ার কানাডার ফ্লাইটের জরুরি অবতরণ

g এএফপি

 

অস্ট্রেলিয়া অভিমুখী এয়ার কানাডার একটি ফ্লাইট বৃহস্পতিবার আকাশে ঝড়ের কবলে পড়ে এবং এতে বাধ্য হয়ে জরুরি অবতরণ করে। এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়া যাত্রীরা জানান, এ সময় তারা ব্যাপকভাবে দুলছিল।

 কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, ভ্যানকুভার থেকে সিডনি অভিমুখী ফ্লাইট এসি ৩৩ আকাশে সমস্যায় পড়লে বিমানটি মার্কিন দ্বীপপুঞ্জ হাওয়াইয়ের রাজধানী হনলুলুতে ফিরে যায়। বিবৃতিতে বলা হয়, বোয়িং ৭৭৭-২০০ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ‘স্বাভাবিকভাবে’ অবতরণ করে। এতে আরো বলা হয়, বিমানটি আকাশে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ায় ৩৫ জন সামান্য আহত হয়েছে। জেস স্মিথ নামের এক যাত্রী স্থানীয় টেলিভিশন কেন্দ্র কেএইচওএনকে বলেন, ‘বিমানটি ঝড়ের কবলে পড়ার পর আমরা সকলে দুলছিলাম। এ সময় বিমানটি দ্রুতগতিতে ওপরে-নিচে ওঠানামা করায় আমরা বিমানের ভিতরে ভাসছিলাম এবং এর ছাদে ধাক্কা খাচ্ছিলাম। এ এক ভয়ংকর অভিজ্ঞতা’।