বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন বন্ধসহ আসন্ন ঈদুল আজহার আগেই সরকারি নিয়মে ঈদ বোনাস প্রদানসহ প্রতিষ্ঠানের আয় ফেরত নিয়ে অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের’ মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি। প্রধান অতিথি ছিলেন, ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সমন্বয় কমিটির’ নির্বাহী সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির (নজরুল) প্রধান উপদেষ্টা সাঈদুল হোসেন সাহেদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি গাজী মামুন আল জাকীর প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি