মিরপুরে সংঘর্ষে ২ পোশাকশ্রমিক গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুরে গার্মেন্টসকর্মীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পোশাক শ্রমিক গু লিবিদ্ধ হয়েছেন। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বরের কাফরুল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। গু লিবিদ্ধ দুজন হলেন, সেনটেক্স ফ্যাশন লিমিটেডের আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনটেক্সের শ্রমিকেরা জানান, একই এলাকার মৌসুমি গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎই কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়। তখন সবাই একসঙ্গে রাস্তায় অবস্থান নেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ হলে আল আমিন ও ঝুমা গুলিবিদ্ধ হন।

গু লিবিদ্ধ পোশাকশ্রমিক আল আমিনের বাড়ি খুলনায়। তিনি মিরপুর-১৪ নম্বরের বিআরপি এলাকায় থাকেন। সকালে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তিনি বাসায় চলে যাচ্ছিলেন। তখন তার পিঠে গু লি লাগে বলে জানান সহকর্মী মো. কবির হোসেন।

আর গু লিবিদ্ধ ঝুমা সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করেন। তার ডান পায়ে গু লি লেগেছে বলে জানান বড় বোন মর্জিনা বেগম।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাকুরিচ্যুতি ও স্থানীয় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ৮টার দিকে হাজারো গার্মেন্টসকর্মী মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকার সড়কে অবস্থান নেন।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভাঙচুর শুরু করেন।

আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আ গুন ধরিয়ে দেন শ্রমিকরা।