বরিশাল অফিস
নগরীর সদর রোডের অনামি লেনে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভস্মীভূত হয়েছে । গতকাল শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
ক্ষতিগ্রস্ত অশোক দাস জানান, আগুনে তাদের প্রায় সবকিছু পুড়ে গেছে। আগামী ৫ আগস্ট মেয়ের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। দমকল বাহিনী আসার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়ারা বসবাস করেন আর একটিতে মালিক ডা. মোস্তাক ঢালি থাকতেন। তবে বাড়ির মালিক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে চারটি বসতঘর পুড়ে যায়। ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।