রূপালী ব্যাংকের রুয়েট শাখার প্রহরীকে কুপিয়ে ডাকাতির চেষ্টা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখার প্রহরীকে কুপিয়ে ও গলা কেটে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। রূপালী ব্যাংকের রুয়েট শাখার ব্যবস্থাপক সোয়াইবুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। আশঙ্কাজনক অবস্থায় ব্যাংকের প্রহরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করেছেন চিকিত্সকরা।

রুয়েট শাখার ব্যবস্থাপক বলেন, দুর্বৃত্তরা মুখোশ পরে তালা ভেঙে ব্যাংকের ভেতরে প্রবেশের পরই সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। এসময় বাধা দিলে দুর্বৃত্তরা প্রহরী লিটনকে কুপিয়ে এবং গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে তারা ভোল্ট ভাঙতে ব্যর্থ হয়ে পাশের দেয়াল কাটারও চেষ্টা করে। তবে ডাকাতদের চেষ্টা সফল হয়নি। আহত অবস্থায় প্রহরী লিটন ফোন করে তাকে হত্যার এবং ডাকাতির চেষ্টার ঘটনা ব্যাংকের একজন কর্মকর্তাকে জানান। ব্যাংকের ওই কর্মকর্তা জানতে পেরে ঘটনাটি পুলিশকে অবহিত করেন।

এদিকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রহরীকে কুপিয়ে ও গলা কেটে ব্যাংকের ভোল্ট ভাঙার ব্যর্থ চেষ্টা করেছে দুর্বৃত্তরা। কিন্তু পারেনি। নগরীর মতিহার থানার ওসি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, পাশাপাশি দুর্বৃত্তদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।