স্টাফ রিপোর্টার, রংপুর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নীতিমালা পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেন কর্মচারী বেরোবি সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য রংপুরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমন্বয় পরিষদ। শুক্রবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয় পরিষদের সদস্য রবিউল ইসলাম রবি। লিখিত বক্তব্যে বলা হয়েছে, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসি ও হাতেগোনা কয়েকজন শিক্ষকের কাছে জিম্মি হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যে নীতিমালা করার কথা তা কাউকে না জানিয়ে রাতের আঁধারে বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায় করা হয়েছে। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ঢাকায় করা হচ্ছে। সিন্ডিকেট সভা অতিগোপনে করা হয়েছে। সংবাদ সম্মেলনে কর্মচারী সমন্বয় পরিষদের তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, কর্মচারীদের পদোন্নতি ও আপগ্রেডেশন নীতিমালা প্রণয়ন, ৫৮ জন কর্মচারীর ৪৪ মাসের বকেয়া বেতন প্রদান ও ২৫ জন কর্মকর্তা ও কর্মচারীর আপগ্রেডেশনের মাধ্যমে ১০ম গ্রেডে উন্নীত হওয়ায় তাদের সকল সুযোগ-সুবিধা প্রদানসহ মাস্টার রোলের সকল কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবি জানান। চলতি মাসের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।