ভারী বৃষ্টিতে পানির নিচে রাজধানীর রাস্তাঘাট

ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর রাস্তাঘাট। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও দুপুরের দিকে ভারী বৃষ্টিতে অনেক এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছে ঘর থেকে বের হওয়া নগরবাসী। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। গতকাল দুপুর ১২টা থেকে বেলা সোয়া ২টা পর্যন্ত সোয়া দুই ঘণ্টায় রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী দুই দিন ভারী বৃষ্টি হবে।

বৃষ্টির কারণে কাঁচাবাজার ও ফুটপাতে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্বাভাবিক কর্মজীবন থেমে গেছে দিনমজুরদের। বেশির ভাগই খারাপ আবহাওয়ার মুখে ঘর থেকে বের হতে পারেননি। অন্যদিকে গতকাল সকাল-বিকাল রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল চারটি পাবলিক পরীক্ষার কেন্দ্র। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা কয়েক লাখ  পরীক্ষার্থী। বিশেষ করে, ঢাকার বাইরে থেকে আসা পরীক্ষার্থীদের কেউ কেউ ছাতা না নিয়ে আসায় ভিজেই পরীক্ষার কেন্দ্রে পৌঁছেছেন। অন্যদিকে ভারী বর্ষণের কারণে যানবাহনগুলো চলাচল করছে ধীরগতিতে। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে তালতলা, শেওড়াপাড়া কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১৩, সেনানিবাস এলাকা, ধানমন্ডি, রামপুরা, বনানী-১১, যাত্রবাড়ী, রাজারবাগসহ অনেক জায়গার রাস্তা গোড়ালি সমান পানির নিচে চলে গেছে। আবার কোথাও হাঁটু অবধি পানি জমেছে। এসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টিতে রাস্তা ডুবে ড্রেনের নোংরা পানি উঠে এসেছে রাস্তার ওপরে। এসব ডিঙিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে মানুষকে।

কাজীপাড়ার বাসিন্দা শামসুল আলম বলেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকায় ফুটপাতের ওপরে পানি উঠে যায়। ড্রেনের ময়লা-আবর্জনা রাস্তার ওপর উঠে আসে। কয়েক বছর ধরে বর্ষাকালে এসব ডিঙিয়ে পথ চলতে হচ্ছে। এ জন্য অনেকে বর্ষার আগে মিরপুর এলাকা ছেড়ে অন্যত্র বাসা নিয়েছেন।

রাজধানীর মালীবাগ এলাকায় চলছে রাস্তা সংস্কারের কাজ। ফলে বৃষ্টিতে জল-কাদায় মিশে একাকার হয়ে গেছে ওই এলাকা। অন্যদিকে মেট্রোরেলের মতো উন্নয়নকাজ চলমান থাকায় রোকেয়া সরণির অবস্থা সবচেয়ে খারাপ। এদিকে খিলগাঁও এলাকার সড়কগুলোতে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ চলায় খোঁড়াখুঁড়ির কারণে রাস্তার ওপর পড়ে আছে নির্মাণসামগ্রী ও কাদা মাটি। বৃষ্টি ঐ এলাকায় দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। সড়কগুলোতে জল-কাদা মিশে একাকার হয়ে উঠেছে। আবার বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় মৌচাক-মগবাজার ফ্লাইওভারে হাঁটুপানি দেখা গেছে। ধানমন্ডি-২৭ নম্বরে পানি জমেছে। ওই এলাকা অপেক্ষাকৃত নিচু হওয়ায় সড়কে জমে থাকা পানিতে যানবাহন চলাচল করলে বড়ো বড়ো ঢেউ উঠছে। এতে গাড়ি চলছে ধীরগতিতে। ফলে দুপুরে মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।