জ্বালানি ও যোগাযোগ খাতে বিনিয়োগ চাইলেন অর্থমন্ত্রী

বাংলাদেশের বিদ্যুত্-জ্বালানি, যোগাযোগ এবং সামাজিক উন্নয়নে বিশেষ করে শিক্ষা খাতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) বিনিয়োগ আহ্বান করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। লুক্সেমবার্গে অনুষ্ঠিত এআইআইবির বোর্ড অব গভর্নরস-এর ৪র্থ বার্ষিক সভায় এই আহ্বান জানান অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুয়ানের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। বৈঠকে অর্থমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক খাতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়েছে। ২০২৪ সালের মধ্যে দুই অঙ্কে পৌঁছাবে দেশের প্রবৃদ্ধি। এ জন্য বড়ো বিনিয়োগ প্রয়োজন। আগামী এক দশকে বাংলাদেশের জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ কাঠামো এবং সামাজিক খাতগুলোতে বড়ো বিনিয়োগ প্রয়োজন হবে। এ জন্য উন্নয়ন সহযোগী হিসেবে এআইআইবির বিনিয়োগ আহ্বান করেন অর্থমন্ত্রী। বৈঠকে এআইআইবির প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশে সহায়তা অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশে উন্নয়ন দেখতে এদেশ ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। শিগগিরই তিনি বাংলাদেশ সফরে আসবেন বলে উল্লেখ করা হয়েছে।

১২ ও ১৩ জুলাই দুই দিনের বোর্ড সভায় যোগ দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি  প্রতিনিধিদল বর্তমানে লুক্সেমবার্গ অবস্থান করছেন। শুক্রবার বোর্ড সভায় বাংলাদেশের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে সাড়ে ১৬ কোটি ডলার ঋণ অনুমোদন করা হয়েছে। এছাড়া ১১ জুলাই বাংলাদেশের পৌরসভার পানি ও স্যানিটেশনের উন্নয়নের প্রকল্পে ২০ কোটি ডলার ঋণ দেওয়ার অনুমোদন করেছে এআইআইবি।