নানা আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

 ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে সোমবার পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর:

খুলনা: খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। খুলনা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, সিভিল সার্জন ডা. এ এস এম  আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

 

রংপুর: রংপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এবং বিভিন্ন সংগঠনের আয়োজনে র্যালি বের করা হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ও রংপুরের সিভিল সার্জন ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন।

পিরোজপুর: জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে র্যালি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের উপসচিব ও অতিরিক্তি জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ সুলতান হোসেন, ডাক দিয়ে যাই এর কর্মকর্তা উজ্জ্বল দত্ত, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশনাল অফিসার মোঃ জাকির হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য এবং প্রতিবন্ধী সাথী আক্তার।

গোপালগঞ্জ: জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শহরে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। গোপালগঞ্জ সমাজ সেবা অফিসের উপ-পরিচালক সমির মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। পরে প্রতিবন্ধীদের মাঝে ১৬টি হুইল চেয়ার ও তিনটি বাই সাইকেল বিতরণ করা হয়।

ঝিনাইদহ: জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বাগেরহাট: জেলা প্রশাসক ও সামাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট নিরাপদ আবাসনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে নিরাপদ আবাসন কেন্দ্রের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীন হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বক্সী প্রমুখ। শেষে প্রতিবন্ধীদের মাঝে ৬৭টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

সাতক্ষীরা: জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে শহরের পোস্ট অফিসের মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ প্রমুখ।

শরীয়তপুর: জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।

ব্রাহ্মণবাড়িয়া: জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সমাজসেবা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আয়েশা আখতার। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল তাপসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।

বগুড়া: বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ছয়জন পঙ্গু প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ২০ জন অন্ধ ব্যক্তিকে সাদা ছড়ি বিতরণ করা হয়।

গাইবান্ধা: স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সমাজসেবা বিভাগের গাইবান্ধা উপপরিচালক এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, অধ্যক্ষ মাজহার-উল মান্নান প্রমুখ।

মাগুরা: মাগুরা কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়।  র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা  সমাজসেবা  কার্যালয়ের উপ-পরিচালক মো. রোকোনুল  ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) আক্তারুন্নাহার, স্থানীয়  সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান প্রমুখ।

কিশোরগঞ্জ: জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শহরে র্যালি বের হয়। পরে সরকারি শিশু পরিবার(বালিকা) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান। সহকারী পরিচালক শহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ২৬টি হুইল চেয়ার, দুটি ট্রাই-সাইকেল, দুটি কর্নার চেয়ার, চারটি হিয়ারিং এইড ও একটি ক্র্যাচ বিতরণ করা হয়।

নেত্রকোনা: জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে মোক্তারপাড়ার মাঠ  থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আলালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈন-উল ইসলাম।

মৌলভীবাজার: জেলা প্রশাসকের কার্যালয় হতে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউসের মূন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

নওগাঁ: নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ থেকে মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের নেতৃত্বে র্যালি বের হয়। পরে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ চৌধুরী প্রমুখ।

বরগুনা (উত্তর): র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক খন্দকার গোলাম সরোয়ার।

এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া, বান্দরবানের আলীকদম, দিনাজপুরের কাহারোল, বিরামপুর ও ফুলবাড়ি, কুড়িগ্রামের চিলমারী ও ফুলবাড়ী, পাবনার চাটমোহর, নড়াইলের লোহাগড়া, রাজবাড়ীর বালিয়াকান্দি, সিরাজগঞ্জের চৌহালী, টাঙ্গাইলের ভূঞাপুর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাসহ সারাদেশেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।