অবশেষে ঘুসের টাকা ফেরত!

অবশেষে ঘুসের ৯০ হাজার টাকা ফেরত দিলেন কুষ্টিয়া ডিসি অফিসের অফিস-সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আনোয়ার হোসেন। এ ঘটনায় জেলা প্রশাসক মো.আসলাম হোসেন ঐ কর্মচারীকে শাস্তিমূলক বদলি করেন।

জানা যায়, কুষ্টিয়া সুগার মিলের কর্মকর্তা সেতাফুর রহমান মারা যাওয়ার পর তার ছেলে আতিকুর রহমান এ্যালেন বাবার বন্দুকের লাইসেন্সটি নিজ নামে হস্তান্তরের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। পরবর্তীকালে এ প্রক্রিয়া সম্পন্নের জন্য আগ্নেয়াস্ত্র নবায়ন বিভাগে কর্মরত অফিস-সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক   আনোয়ার হোসেন এ্যালেনের কাছে দুই লাখ টাকা ঘুস দাবি করেন। এক পর্যায়ে আবেদনকারী এ্যালেন আনোয়ার হোসেনকে ৯০ হাজার টাকা ঘুস প্রদান করেন। এর কিছুদিন পর ঐ কর্মচারী আরো ১ লাখ টাকা ঘুস দাবি করেন। এক পর্যায়ে কোনো উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী এ্যালেন বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। গত ১০ জুন কয়েকজন সাংবাদিক ঐ কর্মচারীর ঘুস গ্রহণ ও হয়রানির বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করলে তিনি বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সত্যতা পান। এতে জেলা প্রশাসক তাত্ক্ষণিকভাবে আনোয়ারকে খোকসা উপজেলায় বদলি এবং ঘুসের টাকা ফেরত দানের নির্দেশ দেন। অবশেষে আনোয়ার  গত বৃহস্পতিবার এ্যালেনকে ৯০ হাজার টাকা ফেরত দেন।