যশোর সাহিত্য উত্সবে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলনমেলা

যশোর সাহিত্য উত্সবে দুই বাংলার (পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ) কবি-সাহিত্যিকদের মিলনমেলা বসেছিল। শুক্রবার যশোরের বাঁচতে শেখা মিলনায়তনে এই উত্সবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা ভাষার প্রতি আস্থা রাখুন। ভাষাকে সমৃদ্ধ করতে সকলে মিলে কাজ করুন। তাহলে বাংলা ভাষা আরো সমৃদ্ধ হবে এবং আগামী দিনে তা নতুনরূপে আবির্ভূত হবে।    বিশ্বময় বাংলা ভাষার ঝান্ডা উত্তোলিত হবে এবং বাংলা ভাষা নিজের জন্যই পৃথক জায়গা করে নেবে।

যুগ সাগ্নিক পত্রিকার আয়োজনে যশোর সাহিত্য উত্সব ও ‘যুগ সাগ্নিক’ ঈদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে কবি মুহম্মদ নুরুল হুদার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক হোসেন উদ্দিন হোসেন ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক কবি ও লেখক মানিক মোহাম্মদ রাজ্জাক। বক্তব্য দেন যুগ সাগ্নিক পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত, উপদেষ্টা কবি ইন্দ্রনীল সেনগুপ্ত, কবি মাজেদ নেওয়াজ, কবি দারা মাহমুদ, কবি আব্দুর রব, কবি পাবলো শাহী, কবি খসরু পারভেজ, কবি নান্নু মাহবুব, কবি ফখরে আলম, পত্রিকার নির্বাহী সম্পাদক কবি খায়রুল কবীর চঞ্চল প্রমুখ। অনুষ্ঠানে কবি অজিতেশ নাগ ও কবি ইকবাল রাশেদীনকে যুগ সাগ্নিক যশোর সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে কবিতা পাঠ করেন দুই বাংলার কবিরা।