সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা অজয় বড়ুয়া আর নেই

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা অজয় বড়ুয়া (৭২) আর নেই। লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী বুধবার তার মরদেহ ঢাকায় আনা হতে পারে। জাতীয় প্রেসক্লাবের সদস্য অজয় বড়ুয়া বিশ্বকাপ ক্রিকেটের সংবাদ সংগ্রহের জন্য লন্ডনে গিয়ে আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর টানা দশ দিন স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর মারা যান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর  সাংবাদিকতায় নিজের ক্যারিয়ার গড়ায় মনোনিবেশ করেন। স্বাধীনতার পর থেকেই ক্রীড়া ও বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন।