জাতিসংঘে শান্তিরক্ষী সরবরাহকারী দেশের সামরিক বাহিনী প্রধানদের সম্মেলনের স্বাগত অনুষ্ঠান করল বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ গত বুধবার জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী সরবরাহকারী দেশসমূহের ‘সামরিক বাহিনী প্রধানগণের সম্মেলনে’র জন্য এক স্বাগত অনুষ্ঠানের আয়োজন করে। শান্তিরক্ষী কার্যক্রমে সামনের সারির একটি দেশ হিসেবে বাংলাদেশের অবদান ও সুদীর্ঘ অভিজ্ঞতার কারণে মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠান আয়োজনের জন্য জাতিসংঘ সদরদপ্তর বাংলাদেশকে মনোনীত করে। কালজয়ী বাংলা গান ও বাঙালি খাবারে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটিতে আবহমান বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয়। গতকাল ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এছাড়া একই দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ত্রিপক্ষীয় সহযোগিতা শক্তিশালীকরণ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। সামরিক বাহিনী প্রধানগণের সম্মেলনে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ড. মাহফুজুর রহমান, জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া, জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাডভাইজর লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লয়টে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বাংলাদেশকে সম্মানজনক এ অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়ায় জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনদশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের ব্লু হেলমেটের অধীনে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সুনিপুণভাবে বাংলাদেশ দায়িত্ব পালন ও তাত্পর্যপূর্ণ অবদান রেখে চলছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ড. মাহফুজুর রহমান বলেন, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের যে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি রয়েছে তা এসেছে সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে। বাংলাদেশ সর্বদাই এ প্রতিজ্ঞায় অবিচল থাকবে।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের মিলিটারি অ্যাডভাইজর ব্রিগেডিয়ার খান ফিরোজ আহমেদ ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মিশনের মিলিটারি অ্যাডভাইজর ব্রিগেডিয়ার খান ফিরোজ আহমেদের কন্যা ফাবিহা তাহসিন। উল্লেখ্য, সামরিক বাহিনী প্রধানগণের দু’দিনব্যাপী এ সম্মেলন ১১ জুলাই শেষ হয়েছে।