বন্ড সুবিধার অপব্যবহার
ইত্তেফাক রিপোর্ট
বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এবং দেশীয় শিল্প সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা| এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেছে। উপকমিশনার মো. মেহেবুব হকের নেতৃত্বে একটি টিম সন্ধ্যায় চকবাজারে অবস্থিত মোর্শেদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় কারখানার ভেতরে গোপন গুদামে বন্ডেড সুবিধায় আমদানিকৃত ও অবৈধভাবে বিক্রয়ের লক্ষ্যে মজুতকৃত বিপুল পরিমাণ বিওপিপি ফিল্ম ও সিপিপি ফিল্ম পাওয় যায়। কাস্টমস বন্ড কমিশনারেটের সূত্র জানায়, এসব পণ্য আমদানি বা মজুতের সপক্ষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বৈধ কোনো দলিলাদি উপস্থাপন করতে পারেনি| ফলে গুদামটি সিলগালা করা হয়েছে। এছাড়া, ১১২ রোল বিওপিপি ফিল্ম জব্দ করা হয়েছে। উপকমিশনার ফখরুল আমিন চৌধুরীর নেতৃত্বে অপর একটি টিম ভোররাতে হাজারীবাগ এলাকায় অভিযান চালায়। এসময় বিভিন্ন পয়েন্ট থেকে বন্ডেড চোরাই পণ্য পরিবহন ও খালাসকালে পিপি দানাবোঝাই পাঁচটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এসব পণ্য বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠানের ওয়্যারহাউস থেকে অবৈধভাবে অপসারণ করে খোলাবাজারে বিক্রয়ের জন্য পুরান ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। আটক পণ্যের মূল্য প্রায় আড়াই কোটি টাকা। যার বিপরীতে আদায়যোগ্য শুল্ক করাদির পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আটক পণ্যের বিপরীতে বিভাগীয় মামলা দায়েরসহ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রে জানা যায়।