নবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জের সোনাহাজরা গ্রামে শুক্রবার সকালে মো. শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সাকিব ঐ গ্রামের মো. শাহজাহানের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে সকালের নাস্তা করতে প্রতিবেশীর বিয়ে বাড়ির অনুষ্ঠানে যান। শাকিলকে বারবার যাওয়ার জন্য বললেও সে যেতে রাজি হয়নি। পরিবারের লোকজন নাস্তা শেষে বাড়িতে ফিরলে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে শাকিলের মৃতদেহ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাশিদ বলেন, শাকিল দীর্ঘদিন পেটের পীড়ায় ভুগছিল। এছাড়া সে দীর্ঘদিন ধরে ইউরোপে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের চাপ দিচ্ছিল। কিন্তু পরিবারের সদস্যরা আসল ভিসা না পাওয়ায় তাকে প্রবাসে পাঠাননি। হতাশার কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।