টাঙ্গাইলে পুংলি রেল সেতুর অ্যাপ্রোচ দেবে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত

গত কয়েক দিনের ভারী বর্ষণে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি রেল সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ অংশ কিছুটা দেবে গেছে। এতে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। শুক্রবার সকাল থেকেই ঐ অ্যাপ্রোচ অংশ মেরামতের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে সেতুটি দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। পুংলি রেল সেতুর ওপর দিয়ে ১০ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, পুংলি রেল সেতুর ঐ অ্যাপ্রোচ অংশটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘ এক মাস ধরে সংস্কার কাজ চালাচ্ছিল কর্তৃপক্ষ। সংস্কার কাজের মাঝেই কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সেতুর উত্তর পাশের এপ্রোচ অংশে কিছুটা দেবে যায়। এতে সেতুটিতে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, ভারী বর্ষণের কারণে সেতুর নিচের মাটি সরে গেছে। আর এতে সাবধানতার জন্য ঐ সেতুর ওপর দিয়ে ১০ কিলোমিটার গতিতে রেল পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। ঐ অংশে চলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে। এতে ট্রেন চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে। আশা করছি দ্রুতই মেরামত কাজ শেষ হবে। 

উল্লেখ্য, ২০১৭ সালে ২০ আগস্ট এ রেল সেতুটির দক্ষিণ পাশে অ্যাপ্রোচ অংশে ৩০ মিটার ধসে যায়। এ সময় স্থানীয়দের সতর্কতা ও তত্পরতায় ঢাকাগামী নীলসাগর ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সংস্কার কাজ শেষে প্রায় ৩৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ শুরু হয়েছিল।