সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ। এমন ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় টাইগাররা। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ভর করে এগোচ্ছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। ভালো শুরুর পরও থিতু হতে পারেননি তিনি।
দলীয় ২৮ রানে ১৭ বলে ২২ রান করে আউট হন তানজিদ তামিম। তাকে সাজঘরে ফেরান আগের ম্যাচে বাংলাদেশকে ভোগানো আল্লাহ গজনফর। এরপর ক্রিজে এসে সৌম্যকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন শান্ত।
৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৯ রানে সাজঘরে ফিরে যান সৌম্য। ৪৯ বলে ৩৫ রান করে রশিদ খানের বলে আউট হন তিনি।
এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে ৭৫ বলে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।